সিনিয়র রিপোর্টার : মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
ডাকসু নির্বাচন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও আমরা আইএসপিআরের মাধ্যমে স্পষ্টভাবে বলেছি ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু স্বার্থন্বেষী মহল প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। কিন্তু এই প্রোপাগান্ডা করে খুব একটা সুবিধা করতে পারবে না।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়াচ্ছেন এমন অভিযোগ নিয়ে তিনি বলেন, তাদের উদ্দেশ্য মানুষ জানে। এসব প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করে না। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শফিকুল ইসলাম বলেন, গুম কমিশনের চাহিদা অনুযায়ী সমস্ত সহযোগিতা করা হয়েছে বা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে। সহযোগিতা করা হচ্ছে না বিষয়টি পুরোপুরি গুজব ।
তিনি আরও বলেন, মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া বা তাদেরকে বিজিবি বা সেনাবাহিনীর ক্যাম্প সম্পর্কে জিজ্ঞাসাবাদের বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী।
তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
শফিকুল ইসলাম বলেন, কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নেই ।
রিপোর্টার্স২৪/এসএন