শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণে দুই দিনের সফরে শেরপুরে । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে তিনি শেরপুর সার্কিট হাউজে পৌঁছলে জেলা বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ, সরকারি আইন কর্মকর্তা ও আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে সার্কিট হাউজে পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিচারপতি মোহাম্মদ আলী। সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবিরের সভাপতিত্বে এই সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. বাহাউদ্দিন, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহারসহ বিচার বিভাগ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিচারপতি মোহাম্মদ আলী সুপ্রীম কোর্টের নির্দেশনার আলোকে ১৭-১৮ সেপ্টেম্বর শেরপুর বিচার বিভাগে বার্ষিক বিচারিক কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন।
রিপোর্টার্স২৪/সোহাগ