খাগড়াছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ও নানুপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় অস্ত্র, গুলি, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার লক্ষ্মীছড়ি জোনের সেনা টহল দল এ অভিযান পরিচালনা করে। আটককৃতের নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি আব্দুল্লাহপুর গ্রামের মো. শফির ছেলে।
অভিযানে সেনাবাহিনী যে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে এর মধ্যে রয়েছে— একটি শটগান, থ্রি নট থ্রি’র একটি তাজা রাউন্ড, পিস্তলের ৬ রাউন্ড তাজা গুলি, শটগানের ৭ রাউন্ড তাজা গুলি, ৭.৬২ মিলিমিটার একটি ব্ল্যাংক রাউন্ড, শটগানের ১১ রাউন্ড খালি কার্তুজ, একটি অ্যামুনিশন ক্লিপ, ১৪৪ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি রামদা, একটি চেইন, ৫টি বাটন ফোন, ১০টি স্মার্টফোন, ৩টি বিদেশি সিম, ২২টি বাংলাদেশি সিম, ২টি পেনড্রাইভ, একটি বডি ক্যামেরা ও একটি কালো বেল্ট।
আটককৃতকে নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনী জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা