সিনিয়র রিপোর্টার : গণপ্রতিনিধিত্ব (আরপিও) অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে’র রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদের সই করা সনদে এই কথা বলা হয়।
এ নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫২টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়।
এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেলেও পরে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা ও আদালতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা এই পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়।
সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়।
রিপোর্টার্স২৪/এসসি/ধ্রুব