স্পোর্টস ডেস্ক: বিধ্বংসী রূপে বাংলাদেশি বোলাররা। এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই তারা চেপে ধরেছে পাকিস্তানকে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ১৩৫ রান করে তাদের ইনিংস শেষ করেছে। জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৬ রান। মাত্র ৪৯ রানে তারা হারিয়ে ফেলে প্রথমসারির পাঁচ ব্যাটারকে ।
টাইগারদের পক্ষে পঞ্চম উইকেটটি শিকার করেছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে জাকের আলীর তালুবন্দি হয়ে ফিরে গেছেন পাক অধিনায়ক সালমান আগা। ১৯ রান করেছেন তিনি।
এর আগে জোড়া উইকেট শিকার করেন টাইগার স্পিনার রিশাদ হোসাইন। প্রথমে বাঁ-হাতি ড্যাশিং ওপেনার ফখর জামানকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। রিশাদের করা প্রথম ওভারের তৃতীয় বলে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ফখর জামান। তার ব্যক্তিগত সংগ্রহ মাত্র ১৩।
এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই হুসাইন তালাতকে শিকার করেন রিশাদ। ব্যক্তিগত ৩ রানে সাইফ হোসাইনের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার।
এর আগে অঘোষিত সেমিফাইনালে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতেই ধস নামে পাক ব্যাটিং শিবিরে। টাইগারদের বোলিং তোপে ২ ওভারেই তারা হারিয়ে বসে ২ উইকেট। দলীয় রান তখন মাত্র ৫।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। প্রথম ওভারেই পেসার তাসকিন আহমেদের শিকারে পরিণত হন ওপেনার শাহিবজাদা ফারহান। মাত্র ৪ রান করে পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিশাদের হাতে ক্যাট তুলে দিয়ে ফিরে যান তিনি।
দ্বিতীয় ওভারে বল করতে এসে ওয়ান ডাউনে নামা সায়েম আইয়ুবকে ফিরিয়ে দেন স্পিনার মেহেদী হাসান। লেগঅনে দাঁড়িয়ে এ ক্যাচটিও তালুবন্দি করেন রিশাদ। ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। আরও তিন উইকেটের পতনে সেই চাপ আরও কয়েকগুণ বাড়ল।
আজকের ম্যাচে যে দল জিতবে, ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তাদেরই বেশি। কারণ, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই দুই করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে।
অন্যদিকে সুপার ফোরের চার দলের এক দল শ্রীলংকা দুটি ম্যাচ খেলে দুটিই হেরেছে। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেতা দলই ফাইনালে ভারতে বিপক্ষে খেলবে, সেই সমীকরণ মোটামুটি সহজই।
এশিয়া কাপের এ আশরে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর শ্রীলংকার বিপক্ষেও হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যেত পাকিস্তানের। তবে সেই বাঁচা-মরার ম্যাচে লংকানদের ৫ উইকেটে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।
ফলে আত্মবিশ্বাসে টগবগ করছে দলটি। পাক অলরাউন্ডার হুসেইন তালাত তো সরাসরিই বলেছেন, ‘ট্রফি থেকে আমরা এখন মাত্র দুটি জয় দূরে।’
অন্যদিকে পেসার শাহিন আফ্রিদির চোখ ফাইনালেই। তিনি ঘোষণা দিয়েছেন, ‘ফাইনালে ভারতকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো!’
এদিকে ভারতের কাছে হেরেও এখনো ফাইনালের দৌড়ে আছে বাংলাদেশ। পাকিস্তান যতই হাঁকডাক মারুক, দলটির বর্তমান পারফর্মেন্স ততটাও ভালো নয়। ফলে পাকিস্তানকে হারানো বাংলাদেশে অসম্ভব কিছু নয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব