রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে আয়োজক শহরে নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে তিনি ম্যাচ সরিয়ে নেওয়ার কথা ভাববেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপ নিরাপদই হবে। তবে যদি মনে করি কোনো শহর একটু হলেও বিপদজনক, তবে আমরা ম্যাচ সরিয়ে নেব।’
২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে। তবে বেশিরভাগ ম্যাচ বসবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। আয়োজক শহরের তালিকায় রয়েছে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো ডেমোক্র্যাটশাসিত শহরগুলোও। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসে আটটি, আর সান ফ্রান্সিসকো ও সিয়াটলে ছয়টি করে ম্যাচ হওয়ার কথা।
ট্রাম্প বলেন, ‘এটা আসলে যথেষ্ট ন্যায্য প্রশ্ন। যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, তবে আমরা সেখানে খেলা হতে দেব না। আমরা ম্যাচ অন্যত্র সরিয়ে নেব।’
এ সময় তিনি শিকাগোর অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন, যদিও শহরটি বিশ্বকাপের আয়োজক নয়। একই সঙ্গে তিনি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কথাও উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, ‘যে শহরকে আমরা একটু হলেও বিপদজনক ভাবব, সেখানে বিশ্বকাপ হতে দেব না। প্রয়োজনে ম্যাচ সরিয়ে নেব। অলিম্পিক বা বিশ্বকাপ, যেটাই হোক না কেন, নিরাপত্তা সবার আগে।’
এরই মধ্যে ট্রাম্প নিজেকে বিশ্বকাপের জন্য হোয়াইট হাউস টাস্কফোর্সের চেয়ারম্যান ঘোষণা করেছেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি আশাবাদী যে দর্শকরা যুক্তরাষ্ট্রে একটি ‘নিখুঁত অভিজ্ঞতা’ পাবেন।
ইনফান্তিনোও বলেছেন, বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের প্রতি তাদের ‘সম্পূর্ণ আস্থা’ রয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা