রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে ভাংচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম। একইসঙ্গে তিনি প্রশাসনকে দেশের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছেন। পাশপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন।
শনিবার শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গিয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ভিপি আবু সাদিক কায়েম দেশের সকল শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সজাগ ও সচেতন থাকার জন্য অনুরোধ জানান।
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র।
পরিদর্শন শেষে জগন্নাথ হল পূজা কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল, হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) দ্বীপজয় সরকার দীপ্ত এবং সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংটি সঞ্চালনা করেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
রিপোর্টার্স২৪/এসএন