বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে "ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট" আজ সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল, ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন এবং ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবি প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ মীর মুগ্ধ একাদশ। ৫০ ওভারের ম্যাচে মীর মুগ্ধ একাদশ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এ টুর্নামেন্টে বগুড়া জেলার বয়সভিত্তিক ৬০ জন খেলোয়াড় চারটি দলে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। দলগুলো হলো—শহীদ আবু সাঈদ একাদশ, শহীদ মীর মুগ্ধ একাদশ, শহীদ ইয়ামিন একাদশ ও শহীদ ওয়াসিম একাদশ।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা