সিরাজগঞ্জ প্রতিনিধি :
সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুর উপজেলার পূর্বাংশ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সালে আসনটি বিলুপ্ত করার পর থেকে স্থানীয়রা নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন বলে তাদের অভিযোগ।
শনিবার (১৬ মে) বিকেল ৪টায় সচেতন জনসাধারণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে চৌহালী ও আশপাশ এলাকার বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন প্রভাষক মিজানুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কারেন্ট নিউজ পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম, ও মনজুর কাদের কারিগরি কলেজের প্রিন্সিপাল আহসান হাবিব দুলাল।
উপস্থিত ছিলেন প্রায় দেড় শতাধিক স্থানীয় নাগরিক, শিক্ষাবিদ ও পেশাজীবী।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্যরা– আনছার আলী সিদ্দিকী, অধ্যাপক শাহজাহান এবং মেজর (অব.) মনজুর কাদের– এ অঞ্চলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে ব্যাপক উন্নয়ন করেছিলেন।
২০০৮ সালে আসনটি বিলুপ্ত করে বেলকুচির সঙ্গে সংযুক্ত করার পর গত ১৭ বছরে চৌহালীতে উন্নয়নের গতি প্রায় স্থবির হয়ে পড়ে। পূর্বের উন্নয়নমূলক প্রকল্পগুলো যমুনা নদীতে বিলীন হলেও কোনো সংসদ সদস্য নজর দেননি।
বক্তারা আরও বলেন, চৌহালী ও এর আশপাশের জনগণ নিজস্ব সংসদীয় আসন ফিরে পেতে চায়, যাতে আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন সম্ভব হয়। এই দাবি এখন আর একক কোনো দলের নয়— এটি জনগণের সম্মিলিত স্বার্থের আওয়াজ, যা প্রশাসনের কর্ণধারদের শোনার সময় এসেছে।
.
রিপোর্টার্স২৪/এস