কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে সালিসের সংবাদ সংগ্রহ করতে যাওয়া ৮ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও ৩০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে এশিয়ান টিভির দেবীদ্বার উপজেলা প্রতিনিধি মো. নেসার উদ্দিন বাদী হয়ে দেবীদ্বার থানায় এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন এলাহাবাদ পূর্বপাড়ার মৃত শামসু মিয়ার ছেলে শাহজাহান (৫০), মফিজ মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), আবু হানিফের ছেলে সাগর (২৫) ও মজলু (৩০) এবং আবদুল মজিদের ছেলে বিল্লাল (২৭)।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) গ্রামের বাসিন্দা ও দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেনের বসতবাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে প্রায় এক মাস আগে বন্ধ করে দেয় প্রতিবেশী শাহজাহান ও তার অনুসারীরা।
ওই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে একটি গ্রাম্য সালিস হওয়ার কথা ছিল। ওই সালিসের সংবাদ সংগ্রহে গেলে অভিযুক্ত শাহজাহানের নেতৃত্বে ২৫-৩০ জন ৮ সাংবাদিকের ওপর হামলা চালায়। মারধরের পর তাদের ব্যবহৃত মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
হামলায় আহতদের মধ্যে দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেসার উদ্দিন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন ও দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই সময় সাংবাদিক সোহরাব হোসেনের মা-বা, স্ত্রী ও ছোট বোন রুমি আক্তারকে বেধরক মারধর করা হয়। এতে রুমি আক্তারের হাত ভেঙে যায়।
বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা