রিপোর্টার্স২৪ ডেস্ক : ১১ বছর বয়সী ছেলেটির নাম ফাউস্তিনো ওরো। দাবায় অমিত প্রতিভাধর হওয়ায় অনেকে তাঁকে ‘চেস মেসি’ মানে ‘দাবার মেসি’ বলেও ডাকেন। ফুটবলের মেসিকে দাবায় টেনে আনার কারণও আছে। ছেলেটি যে আর্জেন্টাইন। মেসির নামের সঙ্গে মিলিয়ে কেউ কেউ তাকে ‘চেসি’ও বলেন।
গত সপ্তাহে মাদ্রিদে অনুষ্ঠিত লেজেন্ডস অ্যান্ড প্রডিজিস টুর্নামেন্টে অপরাজিত (৯ খেলায় ৭.৫ পয়েন্ট) চ্যাম্পিয়ন হয়ে নিজের বয়স ক্যাটাগরিতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ওরো।
গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে ১.৫ পয়েন্ট হাতে রেখে প্রথম নর্মটি পেয়েছে ওরো (খেতাবটি পেতে তিনটি নর্ম প্রয়োজন হয়)। ফিদের অক্টোবরের তালিকায় তাঁর জিএম রেটিং পয়েন্ট ২৫০৯। ওরো-ই দাবার ইতিহাসে অনূর্ধ্ব-১২ বছর বয়সী প্রথম খেলোয়াড়, যাঁর রেটিং ২৫০০-এর ওপরে।
ওরোর খেলার ধরন সর্বজনীন। দীর্ঘ এন্ডগেমে যেমন লড়তে পারে তেমনি অবস্থানগত আক্রমণে প্রতিপক্ষকে চূর্ণও করতে পারে। কখনো আবার ১০ চালের মধ্যেই ড্র মানে কিংবা কল্পনাশক্তির দুর্দান্ত ব্যবহারে আক্রমণ সাজাতে পারে। গত বছর জুনে দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করে ওরো। ২০১৯ সালে অভিমন্যুর ১০ বছর ৯ মাস ৩ দিন বয়সে গড়া রেকর্ড ভেঙে ১০ বছর ৮ মাস ১৬ দিন বয়সে আন্তর্জাতিক মাস্টার হওয়ার নতুন রেকর্ড গড়ে ওরো।
রিপোর্টার্স২৪/আরকে