গাজীপুর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজের ঘটনায় তন্ময় (১০) নামে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার সকালে অঙ্কিতা রানী দাস (৪) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হলো।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ ইঞ্জিন চালিত একটি নৌকায় ওঠেন তারা। এ সময় অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে ডুবে যায়। উল্টে যাওয়া নৌকায় শিশুসহ ১৮ জন লোক ছিলো। অন্যরা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়। পরে শুক্রবার ও শনিবার দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা