রিপোর্টার্স২৪ ডেস্ক : গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরোহীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি অংশ জানায়, তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা ইসরায়েলের হাতে আটক হওয়ার পর থেকে অনশন শুরু করেছেন। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
শুক্রবার ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা দখল হওয়া ফিলিস্তিনের আশদোদ বন্দরে পৌঁছার পর থেকেই অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। বৃহস্পতিবার সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে নেগেভ মরুভূমির কেতসিওত কারাগারে, যেখানে তারা অবৈধ বিচারের অপেক্ষায় আছেন।
তিউনিসিয়ান অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আরও জানানো হয়, মুক্তি পাওয়া এবং তাদের বার্তা বিশ্বব্যাপী পৌঁছানোর আগ পর্যন্ত অনশন চলবে। বিবৃতিতে বলা হয়, বন্দি তিউনিসিয়ানদের এই অটল অবস্থান অবরুদ্ধ গাজার সংগ্রামেরই সম্প্রসারণ। তারা আরও বলেন, আমরা এক অদম্য জাতির ইচ্ছাশক্তি বয়ে বেড়াচ্ছি। অবৈধ বিচার বা উদ্দেশ্যমূলক অনাহার আমাদের সংকল্প ভাঙতে পারবে না।
বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ৪৪টি নৌযান দখল করে ৫০টিরও বেশি দেশের ৪৭০ জনের বেশি কর্মীকে আটক করে। নৌবহরের উদ্দেশ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলি অবরোধ ভাঙা।
এসসি