মাগুরা প্রতিনিধি: মাগুরা - যশোর মহাসড়কের মাগুরা সদর উপজেলাধীন ভাবনহাটির ঢাল নামক স্থানে একটি তেলবাহী ট্যাঙ্কার গাড়ির সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী "এস পি গোল্ডেন লাইন" পরিবহনকে ধাক্কা দিলে গোল্ডেন লাইন পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে যায়।
উক্ত ঘটনায় পরিবহনের চালকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরে সংবাদ পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস এর একটি টিম ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। ঘটনাটি ঘটেছে আজ রোববার(৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে।
হাইওয়ে পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইন নামক যাত্রীবাহি বাসটি দ্রুত গতিতে ধাবিত হচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাকের সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনের সাথে ধাক্কা লাগে। এ সময় পরিবহণটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ভেংগে দুমড়ে মুচড়ে যায়। এতে পরিবহনের চালক সহ প্রায় ২০ জন আহত হয়। আহতদের সাথে সাথে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার দীনবন্ধু সাহা (৬৫) ও তার পুত্র
দীপঙ্কর সাহা, দীনবন্ধু সাহার স্ত্রী অলকা সাহা(৫৫)।এছাড়া দীপঙ্কর সাহার স্ত্রী সুবর্ণা সাহা ও তার ছেলে দিব্য সাহা (৯)।
মহেশপুর মান্দার তলা গ্রামের মিজানুর রহমানের পুত্র সুমন (৩২), টাঙাইল সদরের মো. নাজিবুর রহমানের পুত্র উজ্জ্বল (৩৬), সাতক্ষীরা খেজুর ডাংগা বিনিরপোতা গ্রামের মৃত জমাদার মল্লিকের ছেলে সিরাজুল (৬৫), যশোর সদরের আজিজুর রহমার ছেলে সিয়াম (২২), সাতক্ষীরার আক্কাস(৪৫) ও পিন্টু (৩৬) বলে জানা গেছে।
এর মধ্যে গুরুতর আহত দীনবন্ধু সাহাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
এছাড়া বাকি আহতরা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকগন জানান।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা