সিনিয়র রিপোর্টার: জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ও আরও পাকাপোক্ত করতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৫ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জুলাই সনদ সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় সংসদের আগে এ গণভোট আয়োজন করা সম্ভব বলে আমরা মনে করি। এজন্য নভেম্বর ডিসেম্বরের দিকেই গণভোট আয়োজন করা যেতে পারে
এছাড়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোটের বিষয়ে বিএনপিসহ সকল রাজনৈতিক দল একমত। তবে আমরা চাই ওই গণভোট নির্বাচনের আগেই হোক।
তিনি আরও বলেন, জনগণ গণভোটে অভ্যস্ত না। আমরা মনে করি এটা যাতে জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া, নভেম্বর অথবা ডিসেম্বর এটি হতে পারে। তফসিলের আগেও করতে পারেন। গণভোট হয়ে গেলে ফেব্রয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নেই। গণভোট আগে না পরে, এটা আলোচনার সুযোগ আছে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের আইনজীবী শিশির মনির প্রমুখ।