রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ এলাকার সাগরের তল থেকে থেকে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা উদ্ধার করেছেন একদল ডুবুরি । এর বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
১৭১৫ সালে এসব জায়গা থেকে গুপ্তধন বোঝাই করে স্পেনে যাওয়ার পথে ঝড়ে ডুবে যায় ১১টি জাহাজ। সেই সঙ্গে সাগরের নিচে চাপা পড়ে এসব সম্পদ।ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো তৈরি হয়েছিল বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে।
গুপ্তধন উদ্ধারের প্রতিষ্ঠান কুইন জুয়েলস জানিয়েছে, তাদের ডুবুরিরা বিশেষ ধাতু শনাক্তকরণ যন্ত্র ব্যবহার করে খুব সাবধানে মুদ্রাগুলো উদ্ধার করেছেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা স্যাল গুটোসো বলেন, এটা শুধু গুপ্তধন নয়, ইতিহাসের অংশ। প্রতিটি মুদ্রা অতীতের এক গল্প বলে।
ফ্লোরিডার আইন অনুযায়ী, সাগরে পাওয়া গুপ্তধনের মালিক অঙ্গরাজ্য সরকার। অনুমতি নিয়ে বেসরকারি দলগুলো এসব অনুসন্ধান চালাতে পারে। সূত্র : স্কাই নিউজ
রিপোর্টার্স২৪/এসসি