রিপোর্টার্স২৪ ডেস্ক : ওপার বাংলার সুপরিচিত অভিনেতা দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’ চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে এবং শুরু থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে। ছবিটি নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্তবীজ ২-কে পিছনে ফেলে দর্শকদের মন জয় করেছে।
যদিও ছবিটির অফিসিয়াল আয়ের বিস্তারিত পরিসংখ্যান এখনও প্রকাশ হয়নি, সম্প্রতি এসভিএফ ফিল্মস-এর প্রযোজক মহেন্দ্র সোনি একটি টুইটে নিশ্চিত করেছেন যে, ছবিটি ১০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। তিনি লিখেছেন, আগামীকাল দেব ডে-র জন্য উত্তেজিত। মেগাস্টার এই বিশেষ কারণেই। টুইটে হ্যাশট্যাগের সঙ্গে ‘রঘু ডাকাত’-এর পাশে ১০ কোটি উল্লেখ করা হয়।
এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কিছু ভক্ত ছবিটির আয়ের এই পরিসংখ্যানে সন্দেহ প্রকাশ করেছেন। অন্যদিকে, স্যানক্লিকের পরিসংখ্যানে দেখা যায়, মাত্র ১২ দিনে ছবিটি ভারতের বক্স অফিসে ৭ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে ‘রঘু ডাকাত’ ও ‘রক্তবীজ ২’ হাড্ডাহাড্ডি লড়াই করলেও, সিঙ্গল স্ক্রিনে দেবের ছবিটি উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে।
দেবের পূর্ববর্তী ছবি ‘খাদান’ এবং ‘ধূমকেতু’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। এবার ‘রঘু ডাকাত’-এর মাধ্যমে ‘দেব সুনামি’ প্রত্যাশা তৈরি হয়েছে। যদি ছবিটি ২৫ কোটির গণ্ডি পার করতে সক্ষম হয়, তবে এটি দেবের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হবে।
এদিকে ভক্তরা নতুন দাবি তুলেছেন, এবার ‘চাঁদের পাহাড়’-এর তৃতীয় পর্ব দেখতে চান। পাশাপাশি, পূজার পরেই ডিসেম্বর মাসে মুক্তি পাবে দেবের বহুল প্রতীক্ষিত ছবি প্রজাপতি ২।
রিপোর্টার্স২৪/ঝুম