রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রেমজনিত পারিবারিক কলহের জেরে খাদিজা আক্তার বাবুনী (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুরগির টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা ওই এলাকার ফার্নিচার মিস্ত্রি মো. রুবেলের মেয়ে। সে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত সম্পর্ক ও পারিবারিক অশান্তির কারণে নিজের ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় খাদিজা।
খাদিজার পিতা মো. রুবেল বলেন, “মেয়ের সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। আমরা বিষয়টি মেনে নিতে পারিনি, তাই অন্য জায়গায় বিয়ের কথা বলেছিলাম। এ নিয়ে মেয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। ঘটনার সময় আমি কাজে ছিলাম, আর আমার স্ত্রীও অন্য বাসায় ছিলেন। কীভাবে ঘটনা ঘটল, বুঝে উঠতে পারিনি।”
তিনি আরও বলেন, “প্রেমের বিষয়টি নিয়ে এলাকার কিছু মানুষ নানা মন্তব্য করায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছিল। হয়তো লজ্জা ও অপমানে সে এমন সিদ্ধান্ত নিয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, “রাত সাড়ে দশটার দিকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
রিপোর্টার্স২৪/এসএন