রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : একসময় ওয়ানডে ফরম্যাটে ছিল বাংলাদেশের দাপুটে সময়। কিন্তু সেই দল এখন ছন্দহীন, আত্মবিশ্বাস হারানো এক ইউনিটে পরিণত হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বারের মতো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি টাইগাররা। তবে শুরুটা আবারও হলো হতাশার—প্রথম ম্যাচেই ৫ উইকেটে হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের।
শনিবার(১১ অক্টোবর ) সিরিজের দ্বিতীয় ওয়ানডে, যা বাংলাদেশের জন্য কার্যত বাঁচা-মরার লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়, আবুধাবিতে।
প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তান ৪৭.১ ওভারে সহজেই জয় তুলে নেয়। আজমাতউল্লাহ ওমরজাই ছিলেন ম্যাচের নায়ক—৩ উইকেটের পাশাপাশি খেলেছেন ৪০ রানের কার্যকর ইনিংস। রশিদ খানও ফিরেছেন নিজের ছন্দে, ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ওয়ানডেতে পেরিয়েছেন ২০০ উইকেটের মাইলফলক।
আফগানদের ব্যাটিংয়ে রহমানুল্লাহ গুরবাজ দেখিয়েছেন পরিণত ব্যাটিংয়ের উদাহরণ, রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি খেলেছেন দায়িত্বশীল ইনিংস। স্পিন আক্রমণে নানগেলিয়া খারোতে যোগ করেছেন বাড়তি অস্ত্র, যিনি মাত্র ৩১ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট।
অন্যদিকে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র আগের মতোই হতাশাজনক। ভালো সূচনা নিয়েও সফট ডিসমিসালের কারণে গড়তে পারেনি বড় সংগ্রহ। চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়লেও রশিদ খানের নিখুঁত গুগলিতে বিপর্যস্ত হয় মিডল অর্ডার। মেহেদী মিরাজ, জাকের আলি ও নুরুল হাসান—তিনজনই হয়েছেন রশিদের শিকার।
আবুধাবির ধীর উইকেটে আফগানিস্তান চারজন স্পিনার নিয়ে নেমে সাফল্য পেয়েছে, আর বাংলাদেশ দল রিশাদ হোসেনকে বাদ দেওয়ায় হারিয়েছে বৈচিত্র্য। আজকের ম্যাচে সেই ভুল আর না করার ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে। রিশাদকে ফিরিয়ে এনে স্পিন আক্রমণ শক্তিশালী করার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।
আফগানিস্তান যদি আজ জেতে, তবে তারা টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব গড়বে। অন্যদিকে, বাংলাদেশ যদি হারে, তবে শুধু সিরিজই নয়, আরও একবার হারাবে আত্মবিশ্বাসের ভরসা।
সম্ভাব্য একাদশ:
আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, এএম গজনফার, নানগেলিয়া খারোতে, বাশির আহমদ।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান (উইকেটরক্ষক), তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
রিপোর্টার্স২৪/ঝুম