বগুড়া প্রতিনিধি:বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও আকবরিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় শহীদ ইয়ামিন একাদশ ৭৩ রানে শহীদ ওয়াসিম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১১ অক্টেবর)বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শহীদ ইয়ামিন একাদশ টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আফ্রিদি সর্বোচ্চ ৫৫ এবং বাইজিদ ২৪ রান করেন। শহীদ ওয়াসিম একাদশের বোলার শিহাব ১৪ রানে ৫টি, সাদিক ও রিয়াজুল ২টি করে উইকেট নেন।
জবাবে ওয়াসিম একাদশ ৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৭ রানেই থামে। দলের পক্ষে রসুল করেন ২৫ রান। ইয়ামিন একাদশের বোলার আফ্রিদি ও ইয়াসিন ৩টি করে উইকেট নেন।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আফ্রিদি, আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হন শিহাব। টুর্নামেন্টের শ্রেষ্ঠ ব্যাটসম্যানের পুরস্কার পান জিম।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু ও মমিনুর রশিদ শাহিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল, ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ক্রিকেট প্রশিক্ষক মাহমুদ হাসান রিফাত, রাশেদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে চারটি দল—শহীদ ইয়ামিন একাদশ, শহীদ ওয়াসিম একাদশ, শহীদ মীর মুগ্ধ একাদশ ও শহীদ আবু সাঈদ একাদশ—মোট ৬০ জন ক্রিকেটার অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা