এইচ এম ইমরান, ঝিনাইদহ : সেনাবাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র, হাত বোমা ও ককটেলসহ শীর্ষ সন্ত্রাসী কালু এবং বাদশা আটক হয়েছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে ঝিনাইদহ আর্মি ক্যাম্প বিষয়খালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রথমে কালুকে আটক করে। পরে তার কাছ থেকে তথ্য নিয়ে অন্য সহযোগী বাদশাকেও আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক তল্লাশিতে কালুর কাছ থেকে ১টি ওয়ান শ্যুটার পিস্তল ও ১টি শটগান উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে কালু তার কাছে অতিরিক্ত বিস্ফোরক দ্রব্য থাকার তথ্য প্রকাশ করে এবং আরও দুটি শটগান এমোনেশন, তিনটি ওয়ান স্যুটার এমোনেশন, তিনটি হাত বোমা ও ২টি ককটেল উদ্ধার করা হয়।
এছাড়া জিজ্ঞাসাবাদে কালু তার সহযোগী বাদশা'র সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেন। পরবর্তীতে যৌথ বাহিনী বাদশার বাড়িতে অভিযান পরিচালনা করে। বাদশা পালানোর চেষ্টা করলে তাকে ঘিরে ফেলা হয় এবং তাকেও আটক করা হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আসামিদের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আটককৃত সন্ত্রাসী কালু মিয়া (৪০) ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের লতিফ মিয়ার ছেলে এবং বাদশা একই গ্রামের সুলতান শেখের ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই সেনাবাহিনী সমাজ থেকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান এলাকার শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে দাবি সেনাবাহিনীর।
রিপোর্টার্স২৪/আরকে