সিনিয়র রিপোর্টার: পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন এবং আগামী ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন করবে দলটি।
দাবিগুলো হলো: ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোট করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
নতুন কর্মসূচি ঘোষণার বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবির পরিপ্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।
এসব কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে, জামায়াতের এসব দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।
তিনি আরও বলেন, সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মেনে না নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিম্নোক্ত তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।
ঘোষিত নতুন কর্মসূচি
আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন। ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন।
তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ী মোড়, মৎস্য ভবন ও গাবতলী পয়েন্টের মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
তিনি বলেন, আমি ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ এবং জামায়াতের সব জনশক্তিকে উপরোক্ত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানাচ্ছি।
রিপোর্টার্স২৪/এসসি