চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইয়াসিন হোসেন সোহান (২৫) নামে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ মে) দিনগত রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন হোসেন সোহান ওই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।
রোববার (১৮ মে) সকালে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার কর। দুপুরে ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত যুবকের পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা গোফরান মিয়া বলেন, ইয়াসিন হোসেন সোহান তাদের ৪ ভাই-বোনের মধ্য বড়। তার বাবা অটোরিকশা চালিয়ে জীবীকা নির্বাহ করেন। গত কয়েক মাস পূর্বে তার মায়ের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসার খরচ মেটাতে আর্থিক অনটনে ভুগতে থাকে তারা।
শনিবার বিকেলে সে নিজেদের বিল্ডিং-এর রুমের দরজা আটকে ঘুমিয়ে পড়েন। রাত ৯টা নাগাদ দরজা না খোলাতে পরিবারের অন্যান্য সদস্যরা ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে দরজা না খোলাতে তারা দরজার লক ভেঙে ভতরে প্রবেশ করে। সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ইয়াসিন হোসেন সোহানের মরদেহ ঝুলে আছে দেখতে পান। পরিবার থেকেই বিষয়টি পুলিশকে জানানো হয়।
এর আগে সে ইয়াসিন হোসেন সোহান নামে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন ‘আমার মা-বাবা হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। কীভাবে ক্ষমা করবে বলেন! আমি যে তাদের স্বার্থপর ছেলে। আমার যায়গায় যদি একটা মেয়ে জন্মাইত তাইলেই হয়তো তাদের এই দুর্দিন দেখতে হইতো না।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, সোহানের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-সে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্ত ও আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব