রাঙ্গামাটি প্রতিনিধি: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও বিপদ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া প্রদর্শন করেন। তারা উপস্থিত সবাইকে অগ্নিদুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগের সময় তাৎক্ষণিক করণীয় বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ দেন।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘দুর্যোগ প্রশমন দিবসের মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ঝুঁকি কমানো ও সচেতনতা বৃদ্ধি করা। আজকের মহড়ার মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি, কীভাবে সামান্য সতর্কতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে। অনেক সময় খুব ছোট একটি উৎস থেকেই অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটে—সেই বিষয়টি বোঝাতেই এ আয়োজন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী, ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা রোভার স্কাউটস কমিশনার নুরুল আবছার, জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা