তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরে ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসাইন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নাজমুস ছালেহীন, উপজেলা পশুচিকিৎসা কর্মকর্তা ডা. অভিজিৎ লৌহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা