রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১–০ গোলে জিতলেও দলে ছিলেন না লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্রামে থাকবেন তারকা ফরোয়ার্ড। আগামীকাল (বুধবার) পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে অবশ্য মেসির একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে।
টানা খেলার ধকল সামলাতে বিশ্রাম নিচ্ছিলেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা। একই সময় মেজর লিগ সকারে (এমএলএস) চলছে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে মেসির উপস্থিতি ক্লাবটির জন্য অপরিহার্য। জাতীয় দলের ম্যাচের একদিন পরই মায়ামির হয়ে মাঠে নেমে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় মায়ামির চেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকো। অনুশীলনে অংশ নেওয়ায় মেসির ফেরার সম্ভাবনা আরও বেড়েছে। কোচ স্কালোনি জানিয়েছেন,
“শনিবার মেসিকে (মায়ামির হয়ে) খেলতে দেখেছি, সে ভালোভাবেই ম্যাচ শেষ করেছে। এখনও আমাদের কথা হয়নি, তবে শেষ অনুশীলনে তার সঙ্গে আলোচনা করব। যদি খেলতে সক্ষম হয়, তাহলে সে একাদশে থাকবে।”
মায়ামির হয়ে খেলা শেষে রোববারই জাতীয় দলে যোগ দেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, মেসির প্রত্যাবর্তনে দলে নতুন উদ্দীপনা এসেছে এবং এটি দলের প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেও লাউতারো মার্টিনেজ ও নিকো পাজ বেশ কিছু সুযোগ নষ্ট করেন। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তাই মেসি ফেরার পাশাপাশি একাদশে আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
রিপোর্টার্স২৪/ঝুম