চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলোর মারকইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত রোববার আমিনুল ইসলামের এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরেই মঙ্গলবার আমিনুলের সমর্থকরা তুহিন-খোকনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে নারীসহ ১৪ জন আহত হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
এদিকে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন দুই পক্ষের নেতারা। সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। অপরদিকে বিএনপি নেতা আবু তাহের খোকনও দাবি করেছেন স্থানীয় বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
রিপোর্টার্স২৪/এসএন