আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে ।
‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে আমাদের ক্রাইম সিন ইউনিট ও কেমিক্যাল ল্যাব এক্সপার্টরা কাজ করছে বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের উৎস ও বিস্তারের কারণ নির্ধারণে আলামতগুলো গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হবে।’
এর আগে মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ির একটি গার্মেন্টস ও সংলগ্ন কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে ১২টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে ইউনিট বাড়িয়ে বিকাল চারটার মধ্যে মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় ফায়ার সার্ভিস।
রিপোর্টার্স২৪/এসসি