স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচে চার পরিবর্তন নিয়ে একয়াদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন-মুস্তাফিজ বিহীন বোলিং আক্রমণের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। তবে তিন টপ অর্ডার ব্যাটারকে ফেরানোর পর দ্রুত উইকেট তুলে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তুস শেষদিকে এসে রীতিমতো ঝড় তোলেন মোহাম্মদ নবি। তার অপরাজিত ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।
আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করে আফগানিস্তান। এটি বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন ইব্রাহিম জাদরান। ৩৭ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন নবী। শেষ পাঁচ ওভারে আফগানিস্তান নিয়েছে ৬৭ রান।
ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি নিয়ে আক্ষেপ থাকতে পারে আফগানদের। গত ম্যাচের মতো আজও ৯৫ রানে আউট হয়েছেন এই ওপেনার।
দুই ওপেনার ইব্রাহিম ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে দারুণ শুরু করে আফগানিস্তান। ফিফটির পথে থাকা গুরবাজকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন তানভির ইসলাম। ৪২ রান করা এই ওপেনার ফিরলে ভাঙে ৯৯ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ অটল। ২৯ রান করছেন তিনি। ১৭৩ রানে অটল আউট হওয়ার পর ধস নামে আফগানদের ইনিংসে। সাইফ হাসানের দুর্দান্ত স্পেলে দুইশর আগেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাইফ হাসান। কিন্তু ইনিংসের ৪৯তম ওভারে মিরাজের বলে ২৫ রান নিয়েছেন নবী। মেরেছেন তিনটি বড় ছক্কা। এই ওভারের রানই কাল হতে পারে বাংলাদেশের জন্য।
রিপোর্টার্স২৪/ধ্রুব