রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ১০টায় আইটি অনুষদের ভোটকেন্দ্র ভোট দেবেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ।
বিজ্ঞান অনুষদ কেন্দ্রে সাড়ে ১০টায় ভোট দেবেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিস সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী তামজিদ উদ্দিন এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি পদপ্রার্থী মাহফুজুর রহমান আইটি ফ্যাকাল্টিতে দেবেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে ব্যাপারে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করছে।
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
রিপোর্টার্স২৪/এসসি