রিপোর্টার্স২৪ ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি নিয়ে শুরু হয়েছে তীব্র আইনি লড়াই। প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির দলিলে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে—এর মধ্যে সবচেয়ে বড় চমক, কারিশমার ছেলে কিয়ানের নামের বানানই ভুলভাবে লেখা!
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুধু নাম নয়, মেয়ে সামাইরার ঠিকানাতেও রয়েছে ত্রুটি। কারিশমার সন্তানদের পক্ষের আইনজীবী মহেশ জেঠমলানি অভিযোগ করেছেন, ‘ইচ্ছাকৃতভাবেই এই ভুলগুলো করা হয়েছে, যেন সন্তানরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়।’ তার দাবি, এই কারসাজির পেছনে রয়েছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব।
অন্যদিকে, সঞ্জয়ের মা ও বোনেরও অভিযোগ, প্রিয়া নাকি এককভাবে সমস্ত সম্পত্তি নিজের নামে নিতে চাইছেন। গত ১২ জুন লন্ডনে পোলো খেলতে গিয়ে দুর্ঘটনায় মারা যান শিল্পপতি সঞ্জয় কাপুর। খেলার সময় মুখে মৌমাছি ঢুকে পড়ায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। আইনি জটিলতার কারণে এক সপ্তাহ পর, ১৯ জুন, তার মরদেহ ভারতে আনা হয়।
উল্লেখ্য, ২০০৩ সালে বিয়ে এবং ২০১৬ সালে বিচ্ছেদ ঘটে কারিশমা ও সঞ্জয়ের। মৃত্যুর পর থেকে উত্তরাধিকার ও সম্পত্তি নিয়ে প্রিয়া–কারিশমার দ্বন্দ্ব এখন বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু।
রিপোর্টার্স২৪/ঝুম