ইন্টারন্যাশনাল ডেস্ক: সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে, তাতে ভারত আফগানিস্তানকে ইন্ধন দিচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, এই যুদ্ধবিরতি টিকবে কি না— আমার সন্দেহ আছে। কারণ আফগান তালেবানরা এখন দিল্লির নির্দেশনা অনুযায়ী চলছে এবং কাবুল আসলে এখন দিল্লির হয়ে প্রক্সিযুদ্ধ করছে।
সম্প্রতি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। সেখান থেকে যদি কোনো পরিকল্পনা ও নির্দেশনা তিনি নিয়ে আসেন— তাহলে অবাক হওয়ার কিছু নেই।
দুই দেশের সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত গত বৃহস্পতিবার থেকে। ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নির্বাহী নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীটির কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে পাকিস্তান।
কাবুলে হামলার মাধ্যমে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত হেনেছে— অভিযোগ করে শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তে হামলা চালায় আফগান সেনাবাহিনী, পাল্টা জবাব দেয় পাকিস্তানের সেনাবাহিনীও। কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর গতকাল বুধবার ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে পৌঁছায় পাকিস্তান-আফগানিস্তান।
রিপোর্টার্স২৪/এসসি