রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি। মোট ৯৮৭ ভোট পেয়েছেন তিনি। তার এই অংশগ্রহণ ক্যাম্পাসজুড়ে ভালো সারা ফেলেছে, কারণ দীর্ঘদিন পর রাকসু নির্বাচনে এত বয়স্ক প্রার্থী দেখা গেছে। আর ভোটের পর জানিয়েছেন নিজের অনুভূতিও।
গত শুক্রবার (১৭ই অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
নিজের অনুভূতি প্রকাশ করে শাহরিয়ার মাের্শেদ খান বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি সংখ্যার বিবেচনায় নয়, যারা আমাকে ভােট দিয়েছেন তাদের আন্তরিকতার বিবেচনায় আমি ধন্য এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ শিক্ষার্থীরা যে ৫১ বছর বয়সী একজন লোককে ভােট দিয়েছে এটাকে আমি ইতিবাচক হিসাবেই দেখি৷"
উল্লেখ্য, শাহরিয়ার মোর্শেদ খান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত।
রিপোর্টার্স২৪/আরকে