ডিপ্লোম্যাটিক রিপোর্টার: প্রথমবারের মতো বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। কুয়েতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বৈঠকে কুয়েত থেকে বাংলাদেশ সার আমদানি, শ্রমবাজার ও সামরিক সহযোগিতার বিষয় তুলে ধরবে। এছাড়া ঢাকার পূর্বাচলে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সহযোগিতা, সরাসরি ফ্লাইট চালু ও হালাল পণ্যের অ্যাক্রিডিটেড সনদ প্রদানে সহযোগিতা নিয়েও আলোচনা হবে।
সফরসূচি অনুযায়ী, কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শনিবার দিনগত রাতে ঢাকায় পৌঁছে একদিনের সংক্ষিপ্ত সফরে রোববার (১৯ অক্টোবর) বৈঠকে যোগ দেবেন। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল বলেন, বৈঠকের মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি।
রিপোর্টার্স২৪/টিআই/ধ্রুব