ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজার বেসামরিক জনগণের ওপর হামাস হামলার পরিকল্পনা করছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অবশ্য সম্ভাব্য হামলার বিস্তারিত কোনও তথ্য এবং তথ্য প্রাপ্তির কোনও সূত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিছু জানানো হয়নি।
শনিবার (১৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আসলেই এ ধরনের হামলা সংঘটিত হলে তা সরাসরি যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতি তুলে ধরে বিবিসি প্রতিবেদনে বলা হয়, হামাস যদি এই হামলা চালায়, তবে গাজার জনগণের নিরাপত্তা ও যুদ্ধবিরতির অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন অভিযোগের বিষয়ে হামাসের তরফ থেকে এখনও কোনও জবাব দেওয়া হয়নি।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে। এর আওতায় হামাসের হাতে থাকা জীবিত সব জিম্মি মুক্তি পেয়েছে এবং মরদেহ ধাপে ধাপে ইসরায়েলে ফেরত পাঠানো হচ্ছে। চুক্তির অংশ হিসেবে ইসরায়েল তার কারাগার থেকে ২৫০ ও গাজা থেকে আটক এক হাজার ৭১৮ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হামাস যদি গাজায় বেসামরিক মানুষ হত্যা অব্যাহত রাখে, তবে তাদের নিশ্চিহ্ন করা ছাড়া কোনও বিকল্প থাকবে না।
রিপোর্টার্স২৪/টিআইিএসসি