বাগেরহাট প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির পক্ষে জনসম্পৃক্ততা জোরদার ও দলীয় ঐক্য সুদৃঢ় করতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি কাজী খায়রুজ্জামান শীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পতাকার নিচে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও উল্লেখ করেন, বিএনপির কর্মীরা যদি মাঠে সক্রিয় থাকে, তবে জনগণই ধানের শীষকে বিজয়ের প্রতীকে পরিণত করবে।
রিপোর্টার্স২৪/এসএন