রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে দুই কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্ঘটনায় প্রাণ হারানো দুই শিক্ষার্থীর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে নানিয়ারচর জোন কর্তৃপক্ষ।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। নিহতদের পরিবারগুলোকে মনোবল ও সহায়তা দিতে সেনাবাহিনীর নানিয়ারচর জোন ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই অনুদান প্রদান করে।
এ সময় তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সেনাবাহিনী সবসময়ই জনগণের পাশে আছে এবং এই পরিবারের পাশে ভবিষ্যতেও থাকবে।’
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর নানিয়ারচরের মহাজনপাড়া এলাকায় দুর্গাপূজার কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে শনোলাপাড়ার ছয়জন কলেজ শিক্ষার্থী একটি নৌকায় যাত্রা করেন। পথে হঠাৎ প্রবল বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান নিখোঁজ হন এবং পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা