কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ৮ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। রোববার (১৯ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে একই দিনে বেলা ১২টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার দিন সকাল ১১টার দিকে কলেজের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভিন সিফাতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিফাত ফাহাদকে মারধরের হুমকি দেয় এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর সিফাত তার বহিরাগত বন্ধুদের ডেকে আনে, যারা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সিফাত ও তার সহযোগী কিশোর গ্যাং সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্তের মাধ্যমে সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে অভিযান শুরু করে।
র্যাব-১১-এর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদুল ইসলাম মাহিম, মো. ফাহিম, শাফায়েত ইসলাম, রহমাতুল ফুয়াদ, সালমান শিকদার, রাকিবুল হাসান, রাফাতুল ইসলাম রাতুল, শাওন রায়কে।
র্যাব জানায়, গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসএন /এসসি