ঝালকাঠি প্রতিনিধি : দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ঝালকাঠির সাংবাদিক কামরুজ্জামান সুইটকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী সাংবাদিক ঝালকাঠি সদর থানায় সোমবার (২০ অক্টোবর) একটি সাধারণ ডায়েরি করেছেন, যার জিডি নং–৯০১।
জিডিতে তিনি উল্লেখ করেন, নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা খালে পাইলিং স্থাপন কাজে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত একটি ভিডিওচিত্রসহ প্রতিবেদন গত ১৬ অক্টোবর দৈনিক খবর ডটকম পোর্টালে প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২০ অক্টোবর) নলছিটি উপজেলার ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র নাঈম হোসেন (৩৫) সাংবাদিক সুইটের ফোনে কল করে জবাই করে হত্যার হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন এবং আইনগত পদক্ষেপের আবেদন জানান।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,“সাংবাদিককে হুমকির ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, সাংবাদিক কামরুজ্জামান সুইট জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক দূরযাত্রা ও দৈনিক খবর ডটকম–এর নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিপোর্টার্স২৪/আরকে