রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো ধরনের বিপদে না ফেলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কখনো হয়রানি করবেন না। তাঁরা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাঁদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকব।’
আজ সোমবার( ২০ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ৫০ জন সদস্যের বিএনপিতে যোগদান উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
তিনি বলেন,‘পরিষ্কার করে সরকার উদ্দেশে বলতে চাই, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদর কোনো রকম বিপদের মধ্যে ফেলেছেন বা কোনো রকম সমস্যা তৈরি করছেন।
জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া (গণমাধ্যম), তারা বাংলাদেশের ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করছে। আমরা এ ধারণা পাল্টে দিতে চাই।’
অতীত স্মরণ করে তিনি আরও বলেন, অনেক রকম ভুল হয়েছে। অনেক রক্ত ঝরেছে বাংলাদেশে। অনেক বিভাজন হয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে।
বিএনপি জাতীয়তাবাদী দর্শন নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বলে দাবি করেন মির্জা ফখরুল বলেন, ‘আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ২০১৬ সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন, অর্থাৎ ২০৩০ সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই, তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসেবে দেখতে চান। অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনু যেখানে অনেক রং থাকে একসাথে মিলে যায়।’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল, সোমেন সাহা, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি পূজা উদ্যাপন কমিটির সভাপতি রমেন সরকার প্রমুখ।
আজ সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ৫০ সদস্য আজ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন।
রিপোর্টার্স২৪/এসসি