রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনার বলেন, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে নির্বাচিতদের শপথ এই সপ্তাহেই অনুষ্ঠিত হবে। আগামী বুধবারের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। এরপরই বুধবার অথবা বৃহস্পতিবারে শপথ পাঠ করানো হবে।তিনি আরও বলেন, হল সংসদের নির্বাচিতদের শপথবাক্য পাঠ করাবেন সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। আর রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শপথ অনুষ্ঠান সিনেট ভবনে অনুষ্ঠিত হতে পারে।
শপথ অনুষ্ঠান আয়োজনে দেরি হওয়ার কারণ বিষয়ে তিনি বলেন, নির্বাচনী ব্যস্ততার কারণে আমাদের সবারই বিভিন্ন কাজ জমা হয়ে আছে। নির্বাচনের পরের দিন থেকেই আমাদের ক্লাস-পরীক্ষা নেয়া, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কাজগুলো করা লাগছে। রাকসু ভবনেরও কিছু কাজ এখনো চলছে। সবমিলিয়ে কিছুটা দেরি হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর পরদিন সকাল সাড়ে ৮টায় নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।
রিপোর্টার্স২৪/সোহাগ