অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর খুলনা মহাসড়কের মহাকাল ব্রিজের পাশে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ কালাম খান (৫৫), পেশায় সবজি বিক্রেতা।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নওয়াপাড়া হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আহত কালাম খানকে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কালাম প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামের মৃত আনসার খানের ছেলে।
সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ট্রাকের ধাক্কায় কালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই একই এলাকায় নিয়মিত সড়ক দূর্ঘটনা রোধে কোন পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা টহল বাড়িয়ে দিয়েছি, এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
রিপোর্টার্স২৪/এসএন