রাবি প্রতিনিধি : বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিভাগের অফিস কক্ষে তালা দিয়ে বিভাগের সামনেই বিক্ষোভ সমাবেশ করে এই কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।
তাদের অন্য দুইটি দাবি হলো— ইন্টার্নশিপ ভাতা চালু করা এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজন করা।
সুমন আলী নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “আমাদের ডিপার্টমেন্টের বয়স ১০ বছর। কিন্তু ১০ বছরের ডিপার্টমেন্টে কোনো উন্নয়ন হয়নি এবং ক্লাসরুমের যথেষ্ট ঘাটতি রয়েছে। ক্লিনিকাল সাইকোলজিতে ইন্টার্নশিপের সুবিধা আছে। এই সুবিধা অনুযায়ী ঢাকায় (ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ) ইন্টার্নশিপ করতে হয়, কিন্তু ১০ বছরেও এই ইন্টার্নশিপের ভাতা চালু হয়নি। আমরা চাই এই ভাতা চালু করা হোক। এ বিষয়ে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সঙ্গে কথা বললে তিনি বারবার আশ্বস্ত করেন, কিন্তু কোনো কাজ হয়নি।”
জান্নাত জামান, আরেক শিক্ষার্থী বলেন, “ক্লিনিকাল সাইকোলজিতে অনার্স-মাস্টার্স কমপ্লিট করা শিক্ষার্থীরাই শিক্ষক নিয়োগে আবেদন করতে পারবে। কিন্তু মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক চেয়ারম্যান হওয়ার পর থেকে মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে শিক্ষক পদে আবেদন করতে পারছে না।”
তিনি আরও বলেন, “ক্লিনিকাল সাইকোলজি একটি অ্যাপ্লাইড ব্রাঞ্চ। আমরা অনার্সে তিন মাস এবং মাস্টার্সে ছয় মাস ইন্টার্নশিপ করি এবং অভিজ্ঞতা নিয়ে আসি। তাহলে কেন মনোবিজ্ঞানের একজন শিক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পাবে, যেখানে আমরা মনোবিজ্ঞানে আবেদন করার সুযোগই পাই না? আমরা ডিপার্টমেন্টের তালা লাগিয়েছি এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি—আমাদের দাবিগুলো যদি মানা না হয়, তাহলে আমরা অন্য ব্যবস্থা নেব।”
বিক্ষোভ সমাবেশে বিভাগটির বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন