রিপোর্টার্স২৪ ডেস্ক: সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘চব্বিশের বৈষ্যমবিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারে ছিলাম। জীবন দিয়ে, রক্ত দিয়ে বৈষম্য দূর করার জন্য এ দেশের মানুষ আন্দোলন করেছিল। কিন্তু আজকে এক বছর যেতে না যেতেই খুন খারাবি, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, দখলদারিসহ এমন কোনো অপরাধ নেই, যা বাংলাদেশে হয়নি। এর কারণটা কী? এ দেশের মানুষ দল পরিবর্তন করেছে, নেতার পরিবর্তন করেছে, কিন্তু শান্তির পরিবর্তন করতে পারেনি।’
আজ বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরের কচুয়া চৌমুহনী এলাকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কুমিল্লা মহানগরের উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন,‘আমরা আন্দোলন করি, সংগ্রাম করি কিন্তু কেন পরিবর্তন আসে না? কারণ, আমাদের ভেতরে প্রকৃত পরিবর্তন নেই। জীবন দিলেও যদি চরিত্র না বদলায়, ভাগ্যও বদলাবে না। এক বছর না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তাহলে কিসের পরিবর্তন হলো? আমরা বারবার হোঁচট খাই, ব্যর্থ হই, কিন্তু শিক্ষা নিই না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘ভোটের সময় টাকার বস্তা নিয়ে আসবে, তখন যদি তোমরা গরু-ছাগলের মতো বিক্রি হও, তাহলে অন্তত ভালো দামে বিক্রি হইও। কিন্তু যারা মানুষ, তারা কখনো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিলাল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা কামরুল হাসান খান এবং কুমিল্লা-৬ আসনের ঘোষিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ।
রিপোর্টার্স২৪/এসসি