রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার।
আগামী ২৭–৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সম্মেলনে ড. ইউনূসের পরিবর্তে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি—বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী নির্বাচন প্রস্তুতি—এর কারণে সফরটি বাতিল করা হয়েছে। এর আগে, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেছিলেন।
সফর-সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকারকে কেন্দ্র করে সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।
ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশ নেন।
রিপোর্টার্স২৪/ঝুম