মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর যুগিরগোফা গ্রামে গনি শাহের মাজারে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময় এ ভাঙচুরের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মাজারের বাঁশের তৈরি বেষ্টনী ভেঙে দুটি গিলাফ (চাদর) নিয়ে যায় এবং দানবাক্সটি পাশের খালে ফেলে রাখে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও গাংনী থানা পুলিশ।
মাজারের ভক্তরা জানান, রাতে মাজারে শিরনি দেওয়ার পর তারা সেখান থেকে চলে যান। সকালে এসে তারা মাজারে ভাঙচুর অবস্থায় দেখতে পান। যখন ভাঙচুর হয়, তখন তারা কেউ সেখানে ছিলেন না।
সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
রিপোর্টার্স২৪/এসএন