ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহারের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া আহ্বান জানিয়েছে ইউক্রেনের মিত্ররা। ইউক্রেনের মিত্রদের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ এর বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) লন্ডনে ইউক্রেনের মিত্রদের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ এর বৈঠক শেষে এ আহ্বান জানানোর খবর দিয়েছে রয়টার্স।
বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার জন্য যে ঋণ তহবিল গঠন করা হবে, তা দ্রুত কার্যকর করার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ।
‘আমাদের লক্ষ্য হচ্ছে- বৈশ্বিক বাজারের রাশিয়ার তেল-গ্যাসের প্রভাব কমানো এবং ইউরক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করা।’
কোয়ালিশন অব দ্য উইলিং হলো ৩১টি দেশের একটি জোট। এই উদ্যোগের ঘোষিত লক্ষ্য হলো ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি আলোচনার প্রচেষ্টাকে সহায়তা করা। এর উদ্দেশ্য হলো ইউক্রেনের জন্য যথেষ্ট শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা তৈরি করা, যাতে সম্ভাব্য কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী হয়।
এই জোটের কার্যক্রম ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের চেয়েও ব্যাপক; এর সদস্যরা ইউক্রেনের ভূখণ্ডে একটি শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের জন্য সরাসরি সৈন্য পাঠানোর বা অন্য উপায়ে অবদান রাখার প্রস্তুতিও ঘোষণা করেছে। তবে পরিকল্পনা অনুযায়ী, এই শান্তিরক্ষা বাহিনী তখনই মোতায়েন করা হবে, যখন ইউক্রেন ও রাশিয়া চলমান রুশ-ইউক্রেনীয় যুদ্ধ অবসানের লক্ষ্যে কোনো "সার্বিক যুদ্ধবিরতি চুক্তি" বা "শান্তি চুক্তিতে" স্বাক্ষর করবে। যুক্তরাজ্য এবং ফ্রান্সের নেতৃত্বে এই উদ্যোগটি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ২০২৫ সালের ২ মার্চ ঘোষণা করেন।
রিপোর্টার্স২৪/টিআই