রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পূর্ব সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল পারুয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সোনাইছড়ি এলাকায় সেতু নির্মাণের পর ব্লকের নিচে মাটি ভরাটের কাজ করছিল। এ সময় ভেকু মেশিন দিয়ে পাহাড় কাটার সময় ওপর থেকে মাটি ধসে পড়ে দুই শ্রমিক মাটিচাপা পড়ে। স্থানীয়রা ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাউজানের জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে দ্রুত লাশ জসিমের বাড়িতে পাঠিয়ে দাফনের উদ্যোগ নেয়। খবর পেয়ে কাউখালী থানা পুলিশ রাঙ্গুনিয়া থেকে মরদেহ উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘দুর্ঘটনায় নিহত জসিমের লাশ ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত দাফনের চেষ্টা করেছিল। তবে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে পরবর্তীতে কেউ বাদী হয়ে অভিযোগ করলে নিয়মিত মামলা নেওয়া হবে।
এদিকে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব