বান্দরবান প্রতিনিধি : বান্দবানের থানচির বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই বাকি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে দাবি করছেন অনেকেই। এরপর বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নেভানো হয়।
এই দুর্ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরো ২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেন। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, মধ্যরাতে আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনার অনুসন্ধানে নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার ব্যবস্থা করা হবে।
৩৮ বিজিবির বলিপাড়া জোন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিবি সদস্যরা ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করেছে। বিজিবির মাধ্যমে ফায়ার সার্ভিস স্টেশনের খবর দেয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিবির পর্যবেক্ষণ করছে।
এইদিকে ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন