স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় ডিএনসিসি ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেয় দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক হিসাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের নেতা মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছে যা শহীদদের রক্তের সাথে প্রতারণা। আমরা সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীতের নেতা মোহাম্মদ এজাজকে অপসারণ করে গ্রেফতার না করলে আগামী শনিবার যমুনা ঘেরাও করা হবে।
মানবিক করিডোরের বিষয়ে ফারুক হাসান বলেন, ইন্টেরিম সরকার মানবিক করিডরের নামে দেশবিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে না আসলে আবারও আন্দোলনের দাবানল জ্বলবে। দেশের প্রশ্নে কোন ছাড় হবেনা। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে মানবিক করিডোর দিতে দেওয়া হবে না।
দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা ও এনসিপির প্রতিনিধি। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতাকে কারা কত টাকার বিনিময়ে এই পদে বসিয়েছিলো সেটা তদন্ত করে বের করতে হবে। তাকে নিয়োগ দেয়ার মাধ্যমে দেশে জঙ্গিবাদকে উসকে দেয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে কোন জঙ্গিবাদের ঠাঁই হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের যেমন জায়গা হয়নি, তেমনি জঙ্গিবাদেরও ঠাঁই হবে না। অন্তর্বর্তী সরকার দেশের মানুষ ও কোনও রাজনৈতিক দলের কথা না শুনে শুধু একটি দলের কথা শুনে দেশ পরিচালনা করছে। পশ্চিমাদের মদদপুষ্ট সরকারের কয়েকজন উপদেষ্টা বিদেশী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তারা দেশকে এনজিও প্রজাতন্ত্র বানানোর চেষ্টা করছে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ দেশকে এনজিও প্রজাতন্ত্র বানাতে দিবে না।
বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, রবিউল হাসান, কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম রতন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পী, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ